সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকা, ৪ জুন – বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন রঞ্জন চন্দ্র এবং ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় এলাকা ও চকবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিটিটিসি সূত্রে জানা যায়, সম্প্রতি সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ রেড টেলিফোন সংযোগের তার চুরির একটি স্পর্শকাতর ঘটনা ঘটে।
এই ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে রঞ্জন চন্দ্র স্বীকার করেন যে, গত ২২ মে তিনি সচিবালয় থেকে ওই তার চুরি করেন। পরবর্তীতে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করে দেন।
রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে চকবাজার থানার হোসেনী দালান রোডের একটি গুদাম থেকে চুরি হওয়া তারগুলো উদ্ধার করে পুলিশ। এই বিষয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান যে, দ্রুততম সময়ের মধ্যে এই চুরির রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান যে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র সচিবালয়ের বিভিন্ন সংযোগের তার চুরির সঙ্গে জড়িত। চক্রের মূল হোতাদের শনাক্ত করতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এস এম/ ৪ জুন ২০২৬









