নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ৪ জুন – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সাম্প্রতিক এক ফোনালাপে ‘পাগল’ বলেছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার দাবি, কোনো রাগবশত নয় বরং বিরক্তির কারণে তিনি এই কথা বলেছিলেন।
গত বুধবার ‘পোড ফোর্স ওয়ান’ নামক একটি পডকাস্ট অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই তথ্য জানান। ট্রাম্প বলেন, তিনি তাকে পাগল বলেছিলেন তবে তা রাগের মাথায় বলেননি। ইসরায়েলি বাহিনীকে লেবাননে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেওয়ায় তিনি নেতানিয়াহুর ওপর কিছুটা বিরক্ত ছিলেন।
ট্রাম্প তাকে এই অভিযান থামানোর অনুরোধ করেছিলেন। গত মে মাসে ওয়াশিংটনের তত্ত্বাবধানে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল লেবাননে তাদের অভিযান চালিয়ে যাচ্ছিল। এই প্রেক্ষাপটে গত সোমবারের এক ফোনালাপে ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
সেখানে তিনি নেতানিয়াহুকে রক্ষায় তার ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তবে নেতানিয়াহু এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে এই ফোনালাপের কারণে ট্রাম্পের সাথে তার সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হিসেবে বর্ণনা করেন।
সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে চলা উত্তজনা প্রসঙ্গে ট্রাম্প বলেন যে তিনি নিজেই সংঘাত শুরু করেছিলেন। তিনি দাবি করেন যে তার প্রচেষ্টার কারণেই আজ ইসরায়েল টিকে আছে।
এস এম/ ৪ জুন ২০২৬









