ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে গৃহবধূ হত্যার রহস্য উন্মোচন, কথিত তান্ত্রিক গ্রেপ্তার

ঠাকুরগাঁও, ৩ জুন – ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অর্ধদগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া গৃহবধূ নাসিমা বেগমের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। স্বর্ণের কলসি ও পুতুল পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের পর তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এই ঘটনায় জড়িত অভিযোগে সামশুল হক নামে এক কথিত তান্ত্রিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গত সোমবার সকালে হরিপুরের ভাতুড়িয়া এলাকার একটি নির্জন স্থান থেকে নাসিমার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় রশির দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে পোড়ার চিহ্ন ছিল।

তদন্তের শুরুতে বিষয়টি ক্লুলেস মনে হলেও নিহতের বারো বছর বয়সী মেয়ের দেওয়া তথ্য এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে দ্রুতই অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত সামশুল হক নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে নাসিমা বেগমের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

সম্প্রতি নাসিমা তার পাওনা টাকা বা স্বর্ণের কলসি ফেরত চাইলে সামশুল বিপাকে পড়েন। এরপর গত সোমবার কৌশলে তাকে নির্জন স্থানে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর পরিচয় গোপন করতে এবং ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গ্রেপ্তার সামশুল হক হরিপুর উপজেলার টেঙরিয়া মকবুলপাড়া গ্রামের বাসিন্দা। নিহত নাসিমা বেগম রানীশংকৈল উপজেলার বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, আসামির কাছ থেকে আত্মসাৎ করা অর্থের একটি অংশ উদ্ধার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language