পল্লবীতে মেয়ের বাসায় বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার, ৫ দিন পর খবর পেল পরিবার

ঢাকা, ২ জুন – রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে নূরজাহান বেগম নামে পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্তত চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হলেও একই বাসায় থাকা মেয়ে কিংবা অন্য সন্তানদের কেউ তার কোনো খোঁজ নেননি।
গত রোববার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে পল্লবী ৬ নম্বর সেকশনের ৮ নম্বর সড়কের একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত ওই বৃদ্ধা তার মেয়ের বাসায় একটি পৃথক কক্ষে দীর্ঘ দিন ধরে নিঃসঙ্গ জীবন যাপন করছিলেন। তার জামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং প্রায় পাঁচ বছর আগে তিনি মারা যান। বৃদ্ধার এক ছেলে সরকারের যুগ্ম সচিব এবং অন্যজন বুয়েটের শিক্ষক হলেও তারা অন্যত্র বসবাস করেন।
মায়ের মৃত্যুর খবর পেয়ে বুয়েট শিক্ষক ছেলে ঘটনাস্থলে এলেও অন্যজন উপস্থিত হননি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃদ্ধা যে কক্ষে থাকতেন সেটি আবর্জনায় পূর্ণ ছিল। দেখে মনে হয়েছে কয়েক বছর ধরে সেখানে কেউ প্রবেশ করেনি।
এমনকি মা মরে পচে গেলেও পাশে থাকা মেয়ে কোনো গন্ধ পাননি বলে দাবি করেছেন। গত রোববার মেয়ে তার মাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে একজন নার্সকে খবর দেন। নার্স এসে তাকে মৃত অবস্থায় দেখে প্রতিবেশীদের জানান এবং পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃদ্ধার মেয়ের কথাবার্তায় অসংলগ্নতা থাকায় ময়নাতদন্তের পর মরদেহ তার বুয়েট শিক্ষক ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।
এস এম/ ২ জুন ২০২৬









