বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ঢাকা, ২ জুন – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী ৭ জুনের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল এবং ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এই রিটটি দায়ের করেছেন ছয়জন কাউন্সিলর। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৬ মে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে ৭ জুন নির্বাচন এবং একই দিনে ফলাফল প্রকাশের কথা জানানো হয়।
পরবর্তীতে ১৭ মে বিকেল চারটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা রয়েছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুইজন পরিচালক অন্তর্ভুক্ত হবেন।
পরবর্তীতে নির্বাচিত এই ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচন করার নিয়ম রয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি কমিশন এই নির্বাচনের সার্বিক দায়িত্বে রয়েছে।
কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন। গত ১৩ মে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছিল।
এস এম/ ২ জুন ২০২৬









