জয়পুরহাটের ক্ষেতলালে পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাট, ১ জুন – জয়পুরহাটের ক্ষেতলালে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিশ্চিন্তা চানপাড়া সড়কের খড়িকাটা খারিতা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন কালাই উপজেলার সড়াইল খন্দকার পাড়া গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার এবং হারুঞ্জ গ্রামের শামছুলের ছেলে ফেরদৌস হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন খন্দকার তার স্ত্রী সুরাইয়া ও শ্যালক ফেরদৌস হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে পাঁচবিবি উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথে সড়কের ওপর পড়ে থাকা খড়ের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে যায়।
ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফেরদৌস হোসেনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ইমনের স্ত্রী সুরাইয়া কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এস এম/ ১ জুন ২০২৬









