বিজ্ঞান ও প্রযুক্তি

অতিরিক্ত গরমে স্মার্টফোন ঠান্ডা রাখার কার্যকরী কৌশল

তীব্র গরমে জনজীবনের পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইসের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে স্মার্টফোন অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়ার সমস্যাটি বেশ সাধারণ।

একটানা গেম খেলা, ভিডিও দেখা কিংবা উচ্চমাত্রার ইন্টারনেট ব্যবহারের ফলে ডিভাইস অস্বাভাবিক গরম হয়ে যেতে পারে। এই অতিরিক্ত তাপ শুধু ফোনের কার্যক্ষমতা কমিয়ে দেয় না, বরং ব্যাটারির স্থায়ী ক্ষতিও করতে পারে। এমনকি অনেক ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

স্মার্টফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করতে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি। বাইরে চলাচলের সময় কিংবা গাড়ির ড্যাশবোর্ডে ফোন ফেলে রাখলে তা দ্রুত উত্তপ্ত হয়। তাই ফোন সবসময় ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এছাড়া দীর্ঘ সময় একটানা ফোন ব্যবহার না করে মাঝে মাঝে বিরতি দেওয়া উচিত। এতে প্রসেসরের ওপর চাপ কমে এবং ফোনের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিক থাকে।

স্ক্রিন ব্রাইটনেস বা উজ্জ্বলতা নিয়ন্ত্রণে রাখাও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উচ্চ উজ্জ্বলতা ব্যাটারি দ্রুত ক্ষয় করার পাশাপাশি ফোনের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এছাড়া ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ সচল থাকলে সেগুলো বন্ধ করে দেওয়া প্রয়োজন।

চার্জিংয়ের সময় ফোন ব্যবহার করা থেকে বিরত থাকাও নিরাপদ। নিম্নমানের চার্জার ব্যবহার করলে ভোল্টেজ অনিয়ন্ত্রিত হয়ে ফোন গরম হতে পারে। তাই সবসময় মূল কোম্পানির মানসম্মত চার্জার ব্যবহার করা শ্রেয়।

অনেকে ডিভাইসের সুরক্ষায় মোটা ও ভারী কভার ব্যবহার করেন। এ ধরনের কভার তাপ নির্গমনে বাধা সৃষ্টি করে। ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে সাময়িকভাবে কভার খুলে রাখা যেতে পারে।

নিয়মিত সফটওয়্যার আপডেট রাখলে ফোনের পারফরম্যান্স উন্নত হয় এবং হিটিং সমস্যার সমাধান পাওয়া যায়।

সবশেষে, ব্যাটারি সেভার মোড ব্যবহারের মাধ্যমে প্রসেসরের কাজের গতি সীমিত রেখে ডিভাইসকে তুলনামূলক ঠান্ডা রাখা সম্ভব।

এনএন/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language