বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

বগুড়া, ২৯ মে – বগুড়ার শেরপুরে ঈদের দিনে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন শেরপুর পৌর শহরের উলিপুর এলাকার আবু রায়হান এবং শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার তামিম হোসেন।
তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শেরপুর ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন রাজন, সিয়াম, হাসান ও ছামির। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উদযাপন করতে একদল বন্ধু মোটরসাইকেল নিয়ে ধুনটের দিকে যাচ্ছিলেন।
পথে শুভগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু রায়হান মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তামিম হোসেনের মৃত্যু হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস এম/ ২৯ মে ২০২৬









