জাতীয়

ঢাকায় দুপুরে বৃষ্টির সম্ভাবনা, ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ঢাকা, ২৭ মে – রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় গত চব্বিশ ঘণ্টায় প্রায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে যে, বুধবার দুপুরের মধ্যে এসব এলাকায় পুনরায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে এ সময় দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

অধিদপ্তরের তথ্যমতে, বুধবার সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ এবং তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গতকাল মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে। সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এস এম/ ২৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language