লেবাননে ইসরায়েলি হামলায় ৩১ জনের মৃত্যু, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ

বৈরুত, ২৭ মে – দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার অঙ্গীকার করার পরপরই এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটি অন্যতম ভয়াবহ বোমা হামলা।
এই অভিযানে হিজবুল্লাহর ১০০টিরও বেশি অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু হিজবুল্লাহকে লক্ষ্য করে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ইসরায়েল লেবাননে তাদের সামরিক অভিযান আরও তীব্রতর করছে।
তিনি আরও জানান, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ স্থলভাগে বিশাল জনবল নিয়ে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। উত্তর ইসরায়েলের জনবসতিগুলোকে হিজবুল্লাহর সম্ভাব্য হামলা থেকে রক্ষা করার জন্য নিরাপত্তা অঞ্চলকে শক্তিশালী করা হচ্ছে।
বর্তমানে উভয় পক্ষই বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, যা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান জটিল শান্তি আলোচনাকে ব্যাহত করার আশঙ্কা তৈরি করেছে। উল্লেখ্য যে, মঙ্গলবার যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন স্থাপনের চেষ্টারত নৌযান লক্ষ্য করে ওই হামলা পরিচালনা করা হয়।
এস এম/ ২৭ মে ২০২৬









