মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে মার্কিন বিমান হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরানের

তেহরান, ২৭ মে – কাতারে দুই দেশের মধ্যে সম্ভাব্য আলোচনা শুরুর প্রাক্কালে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, মার্কিন সেনাদের ওপর ইরানি বাহিনীর হুমকি মোকাবিলায় তারা আত্মরক্ষামূলক এই পদক্ষেপ নিয়েছে।

তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গ এবং বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অভিযোগ তুলেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মঙ্গলবার জানানো হয়, যুদ্ধবিরতি ঘোষণার পরও যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে অবৈধ এবং অন্যায্য হামলা পরিচালনা করেছে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে,

গত ২৮ ঘণ্টায় দেশটির হরমোজগান অঞ্চলে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। দক্ষিণ উপকূলীয় হরমোজগান প্রদেশের কাছে অবস্থিত এই হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী,

দুই দেশের মধ্যে বৈরিতা অবসানে যখন কূটনৈতিক প্রচেষ্টা এবং আলোচনা চলছিল, ঠিক তখনই এই হামলার ঘটনা ঘটল।

সেন্টকমের মুখপাত্র টিমোথি হকিন্স জানিয়েছেন,

ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে নিজেদের সেনাদের সুরক্ষা নিশ্চিত করতেই দক্ষিণ ইরানে এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনার পরিবেশ তৈরি হওয়ার সময় এ ধরনের হামলাকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত করেছে ইরান।

বিবৃতির শেষ দিকে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে এবং জাতীয় স্বার্থ রক্ষায় কোনো আপস করা হবে না।

এস এম/ ২৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language