জাতীয়

মাঝরাতে ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, নৌবন্দরে ২ নম্বর সংকেত

ঢাকা, ২৬ মে – দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে আজ দিবাগত রাত পর্যন্ত বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়েও পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ঐ সকল এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে এই বৈরী আবহাওয়া পরিস্থিতি মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।

এনএন/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language