ময়মনসিংহ

ময়মনসিংহের পশুর হাটে নজর কাড়ছে সাড়ে ৫ লাখের ‘কমিশনার’

ময়মনসিংহ, ২৬ মে – ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন সার্কিট হাউজ মাঠে কোরবানির পশুর হাটে বর্তমানে প্রধান আকর্ষণে পরিণত হয়েছে বিশালাকার এক ষাঁড়। গলায় মোটা চেইন পরা এই ষাঁড়টির নাম রাখা হয়েছে কমিশনার। বিশালাকার দেহ ও শান্ত স্বভাবের কারণে হাটে আসা ক্রেতা ও দর্শনার্থীদের আলাদাভাবে নজর কাড়ছে এটি।

ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার বাসিন্দা মো. জুয়েল ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকায় অবস্থিত তার খামারে এই ষাঁড়টি লালনপালন করেছেন। তিন বছর ধরে প্রাকৃতিক খাবারের মাধ্যমে বড় করা এই ষাঁড়টির ওজন ও উচ্চতা সাধারণের চেয়ে অনেক বেশি।

খামারি জুয়েল জানান, ষাঁড়টি অলস প্রকৃতির হওয়ায় এবং সারাদিন শুয়ে বসে থাকার কারণে এর নাম রাখা হয়েছে কমিশনার। তিনি এই ষাঁড়টির দাম চেয়েছেন ৬ লাখ ৮০ হাজার টাকা। তবে ৫ লাখ ৫০ হাজার টাকা পেলেই এটি বিক্রি করবেন বলে জানিয়েছেন। একই হাটে তিনি আরও দুটি বড় ষাঁড় মটু ও চমচম নিয়ে এসেছিলেন।

যা ইতোমধ্যে সাড়ে ৪ লাখ টাকা করে বিক্রি হয়েছে। কমিশনারকে বড় করতে কোনো কৃত্রিম ফিড বা ওষুধ ব্যবহার করা হয়নি বলে দাবি করেছেন খামারি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী ময়মনসিংহের ১৩টি উপজেলায় এবার ২ লাখ ৪ হাজার ১৪৮টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে।

জেলার মোট চাহিদার তুলনায় এবার প্রায় ৪৫ হাজার পশু উদ্বৃত্ত আছে। প্রশাসনের পক্ষ থেকে হাটে জাল টাকা শনাক্তকরণ এবং নিরাপত্তার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহেদুল আলম জানান, খামারিদের স্বার্থ রক্ষায় এবং পশুর স্বাস্থ্য নিশ্চিতে ৫৬টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, কোরবানির পশুবাহী গাড়ি যেন হয়রানির শিকার না হয় সেজন্য পুলিশ তৎপর রয়েছে।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language