জাতীয়

উত্তরায় গৃহবধূ ধর্ষণের খবরটি গুজব ও ভিত্তিহীন: ডিএমপি

ঢাকা, ২৬ মে – রাজধানীর উত্তরায় স্বামীর সামনে গৃহবধূ ধর্ষণের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় উত্তরায় স্বামীর সঙ্গে কেনাকাটা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী।

ভিডিওতে আরও দাবি করা হয় দুর্বৃত্তরা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে অচেতন করে ধর্ষণ করেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এই তথ্য সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। তিনি জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিস্তারিত অনুসন্ধান ও যাচাই বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে যে উত্তরা কিংবা ঢাকা মহানগরীর কোথাও এমন কোনো ঘটনা ঘটেনি।

এমনকি দেশের অন্য কোথাও এই ধরনের কোনো ঘটনার সত্যতা মেলেনি। তিনি আরও বলেন একটি অসাধু মহল জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য পরিকল্পিতভাবে এই গুজব ছড়াচ্ছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে সাম্প্রতিক সময়ে দেশি বিদেশি বিভিন্ন পুরোনো বা সাজানো ভিডিও বাংলাদেশের ঘটনা বলে প্রচার করার প্রবণতা দেখা যাচ্ছে।

আন্তর্জাতিক ও স্থানীয় ফ্যাক্টচেক সংস্থাগুলো ইতিমধ্যে এই ধরনের একাধিক ভিডিও মিথ্যা বলে প্রমাণ করেছে। এ অবস্থায় সাধারণ মানুষকে বিভ্রান্তিকর পোস্ট ও ভিডিওতে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। কোনো তথ্য শেয়ার করার আগে নির্ভরযোগ্য গণমাধ্যম বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সত্যতা যাচাই করারও পরামর্শ দিয়েছে ডিএমপি।

গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language