ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু, ফাঁকা হচ্ছে রাজধানী

ঢাকা, ২৫ মে – ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। সোমবার ছুটির প্রথম দিনে রাজধানী ঢাকা থেকে ধাপে ধাপে ঘরমুখো মানুষ শহর ছাড়তে শুরু করেছেন। এর ফলে রাজধানীর চিরচেনা ব্যস্ত সড়কগুলোয় সোমবার সকাল থেকেই জনসমাগম অনেক কম লক্ষ্য করা গেছে এবং রাজপথে কোনো যানজট ছিল না।
আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস সোমবার থেকে আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। সরকারি ছুটির সাথে মিল রেখে দেশের ব্যাংকগুলোতেও সাত দিনের ছুটি কার্যকর হয়েছে।
আগামী ১ জুন থেকে সকল অফিস এবং ব্যাংক পুনরায় নিয়মিত সময়সূচীতে চালু হবে। তবে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মীদের বেতন এবং বোনাস প্রদানের সুবিধার্থে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৫ ও ২৬ মে অর্থাৎ সোমবার ও মঙ্গলবার পোশাক শিল্প অধ্যুষিত এলাকাগুলোর নির্দিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা সীমিত পরিসরে লেনদেন পরিচালনা করবে।
একই সাথে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপ শাখা এবং বুথগুলোয় আমদানি ও রপ্তানি কার্যক্রম সচল রাখতে সীমিত আকারে ব্যাংকিং সেবা প্রদান করা হবে।
উল্লেখ্য যে, ছুটির চাপ সামলাতে আগের সাপ্তাহিক ছুটির দিন শনিবার ও রোববার সকল সরকারি অফিস এবং ব্যাংক খোলা রাখা হয়েছিল। সেই দুই দিন ব্যাংকগুলোতে লেনদেনের ব্যাপক চাপ থাকলেও সরকারি দপ্তরগুলোতে আগে থেকেই ছুটির আমেজ বিরাজ করছিল।
এনএন/ ২৫ মে ২০২৬









