পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

ঢাকা, ২৪ মে – রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে যে,
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ১৩৯০/২০২৬ নম্বর মামলায় আসামিপক্ষে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স ল ইয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মামলাটি ২০২৬ সালের ২০ মে পল্লবী থানায় দায়ের করা ৩৫ নম্বর মামলা থেকে উদ্ভূত হয়েছে। উক্ত মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারা ও দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে আরও জানানো হয়েছে যে,
নিয়োগপ্রাপ্ত এই আইনজীবী বিধি অনুযায়ী সকল ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে।
এস এম/ ২৪ মে ২০২৬









