পশুর হাটে ছিনতাই রোধ ও নিরাপত্তায় র্যাবের কঠোর নজরদারি

ঢাকা, ২৪ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাই প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনকালে এ তথ্য জানান র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
তিনি জানান, হাটে নগদ লেনদেনের ঝুঁকি কমাতে ক্রেতা ও বিক্রেতাদের ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে উৎসাহিত করা হচ্ছে। র্যাব মহাপরিচালক বলেন, ঈদের সময় বড় শহরগুলোতে জনসমাগম কম থাকলেও পশুর হাটে ব্যাপক ভিড় থাকে।
ব্যবসায়ীদের কষ্টার্জিত অর্থ যেন ছিনতাই না হয়, সে লক্ষে নিরাপত্তা চৌকি ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। ক্রেতাদের ভোগান্তি কমাতে প্রতিটি হাটে কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।
এছাড়া পশুবাহী যানবাহন চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয় বা কেউ নির্দিষ্ট হাটে যেতে বাধ্য না করতে পারে, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জাল টাকার লেনদেন রোধে প্রতিটি হাটে প্রয়োজনীয় সরঞ্জামসহ র্যাবের টিম মোতায়েন থাকবে বলে জানান তিনি।
একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন র্যাব প্রধান। পশুর হাট পরিদর্শনের আগে তিনি গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের যাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং যাত্রী ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
ঈদ যাত্রায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের নিয়মিত টহল ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।
এস এম/ ২৪ মে ২০২৬









