শেষ হলো এ বছরের হজ ফ্লাইট, মক্কায় পৌঁছেছেন সব বাংলাদেশি হজযাত্রী

ঢাকা, ২২ মে – বাংলাদেশ থেকে এ বছরের পবিত্র হজের সব ফ্লাইট সফলভাবে সম্পন্ন হয়েছে। নিবন্ধিত সব হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে হজ অফিস।
শুক্রবার দুপুরে মক্কা থেকে হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি বলেন, গত রাতে হজ ফ্লাইট কার্যক্রম শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, নিবন্ধিত সব হজযাত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন। এমনকি ১৯ জন হজযাত্রীর ক্ষেত্রে কিছু জটিলতা থাকলেও তাদের সফলভাবে নিয়ে আসা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিন অনুযায়ী, মোট ১৯৯টি ফ্লাইটের মাধ্যমে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
উল্লেখ্য যে, এ বছর হজের নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজের জন্য নিবন্ধিত হয়েছিলেন। গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২১ মে শেষ হজ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে।
হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে ৩০ মে থেকে যা ৩০ জুন পর্যন্ত চলবে।
অন্যদিকে এখন পর্যন্ত সৌদি আরবে মোট ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ১৪ জন এবং মদিনায় ৭ জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এনএন/ ২২ মে ২০২৬









