জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ও আশপাশে বিজিবি মোতায়েন

ঢাকা, ২১ মে – আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ করতে ঢাকা ও এর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান যে,

ঈদুল আজহা ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর নিউমার্কেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া সাভারের নবীনগর ও বাইপাইল এবং গাজীপুর সিটি করপোরেশনসহ গাজীপুর চৌরাস্তা এলাকায়ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

শরীফুল ইসলাম আরও উল্লেখ করেন, সরকারের বিশেষ নির্দেশনা অনুযায়ী নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক এবং যানজটপ্রবণ এলাকায় বিজিবি সদস্যরা কাজ করবেন। বিশেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে তারা সার্বিক সহায়তা প্রদান করবেন।

ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা নির্দিষ্ট এলাকাগুলোতে দায়িত্বরত থাকবেন। জননিরাপত্তা রক্ষায় বিজিবির এই টহল কার্যক্রম ঈদ পরবর্তী যাতায়াত শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এস এম/ ২১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language