পল্লবীতে শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়: পুলিশের তথ্য

ঢাকা, ২০ মে – রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি সোহেল রানা এই জঘন্য অপরাধের কথা স্বীকার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান বুধবার বিকেলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তদন্ত কর্মকর্তা জানান যে,
সোহেল রানা ওই শিশুকে টয়লেটে নিয়ে প্রথমে ধর্ষণ করে এবং পরে গলা কেটে তাকে হত্যা করে বলে স্বীকারোক্তিতে জানিয়েছে। গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন ১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়েছিল।
এই ঘটনার পর সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে পুলিশ আটক করে। ঘটনার পর সোহেল আত্মগোপনে চলে গেলেও ওই দিনই সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আজ বুধবার উভয় আসামিকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা গেছে যে,
সোহেল রানা ম্যাজিস্ট্রেটের সামনে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে। তবে এই মামলায় সংশ্লিষ্ট আরও এক অজ্ঞাত আসামি এখনো পলাতক রয়েছে যাকে ধরতে অভিযান চলছে। অন্যদিকে আজ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এস এম/ ২০ মে ২০২৬









