জাতীয়

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, বজায় থাকবে ভ্যাপসা গরম

ঢাকা, ২০ মে – ঢাকায় আজ বুধবার দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় জনজীবনে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে বুধবার সকালে প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে দুপুর পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

এর আগে মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে।

অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলের পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language