আসন্ন ঈদুল আজহা: পাহাড়তলী রেলওয়ে কারখানায় ১২৪টি বগি মেরামতের ধুম

চট্রগ্রাম, ১৯ মে – আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে পূর্বাঞ্চলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চট্টগ্রামের পাহাড়তলী কারখানায় শ্রমিকদের ব্যস্ততা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে ট্রেনের অতিরিক্ত কোচ বা বগি সংযোজনের লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন কারখানার শ্রমিকরা।
রেলওয়ের পাহাড়তলী কারখানায় এবার অতিরিক্ত ১২৪টি বগি মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৯৯টি বগি মেরামতের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট বগিগুলোর মেরামত সম্পন্ন করে আগামী সপ্তাহের মধ্যেই পরিবহন দফতরের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
কারখানা সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহায় রেলের পূর্বাঞ্চলীয় ট্রেন চলাচল স্বাভাবিক ও আরামদায়ক রাখার লক্ষ্যে পাহাড়তলী কারখানায় মাসখানেক আগে থেকেই অতিরিক্ত বগি মেরামতের কাজ শুরু হয়েছে। ৯৯টি কোচ ইতোমধ্যে পরিবহন বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
অবশিষ্ট বগিগুলোর কাজ শেষ করে কোরবানির ঈদের ছুটি শুরু হওয়ার আগেই রেলের পরিবহন বহরে যুক্ত করা হবে। শ্রমিকরা জানিয়েছেন, গত ঈদুল ফিতরেও ১২৪টি কোচ মেরামত করা হয়েছিল। তবে রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে সাধারণ মানুষের বাড়ি ফেরার প্রবণতা বেশি থাকায় এবার বাড়তি কোচের ব্যাপক চাহিদা রয়েছে।
যাত্রীদের সেবা নিশ্চিত করতে আগেভাগেই কাজ শুরু করা হয়েছে। রেলওয়ের পরিবহন বিভাগ জানিয়েছে, প্রতি বছর ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী চাহিদার কথা বিবেচনা করে প্রতিটি আন্তঃনগর ও মেইল ট্রেনে দুই থেকে পাঁচটি পর্যন্ত বাড়তি বগি যুক্ত করা হয়। নিয়মিত ট্রেনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ঈদ স্পেশাল ট্রেনও চালু করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের দুটি প্রধান কারখানার একটি চট্টগ্রামের পাহাড়তলীতে এবং অপরটি নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত। এই দুটি কারখানায় রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের পুরোনো এবং ক্ষতিগ্রস্ত বগি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়।
পাহাড়তলী রেলওয়ে কারখানার তত্ত্বাবধায়ক মোস্তফা জাকির হাসান জানান, ঈদযাত্রা নিরাপদ করতে দেড় মাস আগে থেকেই বগি মেরামতের কাজ শুরু হয়েছে। ১২৪টি বগির মধ্যে অধিকাংশ কাজই শেষ। তিনি আরও বলেন, দুই ঈদেই যাত্রীদের প্রচণ্ড চাপ থাকে। বিশেষ করে কোরবানির ঈদে এই চাপ কয়েক গুণ বেড়ে যায়। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চাহিদা অনুযায়ী আলাদা বগিগুলো প্রতিটি ট্রেনে সময়মতো যুক্ত করা হবে।
এস এম/ ১৯ মে ২০২৬









