দক্ষিণ এশিয়া

ভারতের পারমাণবিক খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র: ২০ সদস্যের প্রতিনিধি দল ভারত সফরে

নয়া দিল্লী, ১৯ মে – ভারতের বেসামরিক পারমাণবিক জ্বালানি খাতের সম্ভাবনা যাচাই করতে বর্তমানে দেশটি সফর করছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। পারমাণবিক শিল্প খাতের শীর্ষস্থানীয় ২০ জন নির্বাহী ১৮ থেকে ২১ মে পর্যন্ত নয়াদিল্লি ও মুম্বাইয়ে বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন।

ভারত সরকার সম্প্রতি পারমাণবিক খাতে বেসরকারি বিনিয়োগের পথ উন্মুক্ত করার পর এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। ভারতের এই নতুন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন দেশটির সাবেক পররাষ্ট্র সচিব ও বর্তমান রাজ্যসভা সদস্য হর্ষ বর্ধন শ্রিংলা।

তিনি মনে করেন,

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক অংশীদারিত্ব দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় বা গেম চেঞ্জার হতে পারে। বর্তমানে ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮ দশমিক ৮ গিগাওয়াট। নতুন আইনি কাঠামোর অধীনে ২০৪৭ সালের মধ্যে এই সক্ষমতা ১০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শ্রিংলা জানান,

২০১০ সালের নিউক্লিয়ার লায়াবিলিটি অ্যাক্টের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে নতুন আইন কার্যকর করা হয়েছে, যা দেশি ও বিদেশি বেসরকারি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে। ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির চাহিদা মেটাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে পারমাণবিক শক্তির ভূমিকা অনস্বীকার্য।

মার্কিন প্রতিনিধি দলটি ইতোমধ্যে ভারতের নীতিনির্ধারক ও শিল্প প্রধানদের সাথে আলোচনা শুরু করেছে। এই সফরটি ভারতের ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এস এম/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language