জাতীয়

লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ল ফার্নেস অয়েলের দাম

ঢাকা, ১৮ মে – বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আবারও ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় এবং আজ দিবাগত রাত ১২টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

এর আগে গত ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। গত ১৮ মে অনুষ্ঠিত কমিশনের বিশেষ সভায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

মূলত ১৩ এপ্রিল থেকে ১২ মে সময়ের মধ্যে আমদানিকৃত পরিশোধিত ফার্নেস অয়েলের গড় মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে এই দাম নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানায় যে গত ১৫ মার্চ ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল।

ওই কমিটির সুপারিশ অনুযায়ী আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও ডলারের বিনিময় হার পর্যালোচনা করে এপ্রিল ও মে মাসে দাম পুনঃনির্ধারণ করা হয়েছে।

দেশে আমদানিকৃত ফার্নেস অয়েলের বড় একটি অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন ফার্নেস অয়েলের এই মূল্যবৃদ্ধির ফলে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন খরচ বৃদ্ধি পাবে যা বিদ্যুতের দামের ওপরও প্রভাব ফেলতে পারে।

এস এম/ ১৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language