জাতীয়

আগামীকাল সকালের মধ্যে ধেয়ে আসছে ৬০ কিমি বেগে তীব্র ঝড়-বৃষ্টি

ঢাকা, ১৭ মে – দেশের বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে কাল সোমবার (১৮ মে) সকালের মধ্যে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই অঞ্চলগুলোতে শিলাবৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও প্রবল আশঙ্কা রয়েছে।

আজ রোববার (১৭ মে) রাত ৯টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার সকাল ৯টার মধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান কিছু এলাকার ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। এলাকাগুলো হলো রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়ের আশঙ্কায় নৌদুর্ঘটনা এড়াতে আবহাওয়া অফিস থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে চলাচলকারী সব ধরনের নৌযান ও লঞ্চকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মে মাসের এই সময়ে এমন কালবৈশাখী বা বজ্রঝড় হওয়া স্বাভাবিক। তবে ঝড়ের সময় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার এবং বজ্রপাত থেকে বাঁচতে খোলা মাঠ বা বড় গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনএন/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language