গণমাধ্যমে স্বাধীন ও শক্তিশালী কমিশন গঠনের ওপর তথ্যমন্ত্রীর গুরুত্বারোপ

ঢাকা, ১৭ মে – দেশের গণমাধ্যম খাতে একটি স্বাধীন, দক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম পরিচালনায় কেবল নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গি বজায় রাখলে চলবে না, বরং সব অংশীজনকে নিয়ে একটি জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। এ লক্ষ্যেই বর্তমান সরকার সব পক্ষের সঙ্গে মতবিনিময় করছে।
রবিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের নিয়ে গঠিত টেলিভিশন এডিটরস কাউন্সিল (টিইসি) নেতাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, দেশে গণমাধ্যম ব্যবস্থাপনায় দীর্ঘদিনের ধারণাগত ঘাটতি রয়েছে। মালিক, সাংবাদিক এবং সরকারের মধ্যে সমন্বিত চিন্তার অভাব থাকায় এই খাতটি অনেক সময় ব্যক্তি প্রভাব ও ক্ষমতার বলয়ে পরিচালিত হয়েছে।
তথ্যমন্ত্রী জানান, অতীতে সরকারগুলো গণমাধ্যমকে মূলত নিয়ন্ত্রণের দৃষ্টিতে দেখেছে, যার ফলে অনিয়ম ও অস্বচ্ছতা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে অবৈধ আয় রক্ষার হাতিয়ার হিসেবেও গণমাধ্যম ব্যবহৃত হয়েছে। তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে একটি স্বাধীন কর্তৃপক্ষ বা কোয়াসি জুডিশিয়াল কমিশন গঠন করা প্রয়োজন। তবে এই কমিশন যেন কোনোভাবেই সরকারের রাজনৈতিক হাতিয়ার বা কোনো ফ্যাসিস্ট ইনস্ট্রুমেন্টে পরিণত না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।
গণমাধ্যম শিল্পে শ্রম আইন, কর ব্যবস্থা এবং বেতন ভাতা নিশ্চিত করার বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, প্রয়োজনীয় শর্ত পূরণ না করলে লাইসেন্স নবায়ন হওয়া উচিত নয়। তবে এসব সিদ্ধান্ত যেন রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার না হয়, সে জন্য স্বাধীন কমিশন অপরিহার্য। এছাড়া ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে সাংবাদিকতার বদলে যাওয়া রূপ মোকাবিলায় নতুনভাবে চিন্তা করার আহ্বান জানান তিনি।
বৈঠকে টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জুবায়ের আহমেদ বাবু, একাত্তর টিভির বার্তা প্রধান শফিক আহমেদ এবং বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ১৭ মে ২০২৬









