কানাডায় বাংলাদেশি যাত্রীদের লাগেজে নিষিদ্ধ খাদ্যপণ্য, বিপুল অর্থ জরিমানা

অটোয়া, ১৫ মে – কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা তিন যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে কাঁচা মাংস, দুগ্ধজাত দ্রব্য এবং বিভিন্ন উদ্ভিজ্জ পণ্য। দেশটির সীমান্ত রক্ষা বাহিনী কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি বা সিবিএসএ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
সিবিএসএ সূত্রে জানা গেছে, তাদের প্রশিক্ষিত তিনটি ল্যাব্রাডর কুকুর বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি চালিয়ে এই পণ্যগুলো শনাক্ত করে। সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, জব্দ করা পণ্যগুলো একটি টেবিলের ওপর সাজিয়ে রাখা হয়েছে এবং পাশে শনাক্তকারী কুকুরগুলো বসে আছে।
এই ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীদের প্রত্যেকের বিরুদ্ধে ১ হাজার ৩০০ কানাডিয়ান ডলার করে জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার সমান। সিবিএসএ জানিয়েছে, কাঁচা মাংসে সালমোনেলা ব্যাকটেরিয়ার মতো সংক্রমণের ঝুঁকি থাকে যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
এর আগে মিসর থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকেও প্রায় ২২ কেজি কাঁচা মাংস জব্দ করেছিল সিবিএসএ-র গোয়েন্দা কুকুর ধারলা। কানাডার আইন অনুযায়ী, দেশটিতে প্রবেশের সময় নাগরিক কিংবা বিদেশি পর্যটক নির্বিশেষে সকল যাত্রীকে তাদের সাথে থাকা খাদ্য, উদ্ভিদ ও প্রাণিজ পণ্যের ঘোষণা দিতে হয়।
এর মধ্যে কাঁচা বা রান্না করা মাংস, পনির, দুধ, ডিম, মাছ, ফলমূল, সবজি, বীজ এবং ভেষজ উপাদান অন্তর্ভুক্ত রয়েছে। এসব পণ্যের ঘোষণা না দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়।
এস এম/ ১৫ মে ২০২৬









