সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

ঢাকা, ১৩ মে – সাবেক মন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছিল।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন বাংলাদেশের রাজনীতির এক পরিচিত মুখ। তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।
কর্মজীবনে তিনি অত্যন্ত দক্ষতার সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি নিজে প্রার্থী না হয়ে আসনটি তার ছেলে মাহবুব রহমান রুহেলের জন্য ছেড়ে দিয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন সহিংসতার মামলায় তাকে আসামি করা হয়। তবে পরবর্তী সময়ে ২০২৫ সালের আগস্ট মাসে তিনি সব মামলায় আদালত থেকে জামিন পান। গুরুতর অসুস্থতার কারণে দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২০২৫ সালের ১৪ আগস্ট তিনি কারামুক্ত হন।
পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের জানাজা ও দাফন প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। তার ছেলে সাবেদুর রহমান সুমু জানান, রাজধানীতে একটি জানাজা অনুষ্ঠিত হবে, তবে এর সময় ও স্থান এখনও চূড়ান্ত হয়নি। চট্টগ্রাম শহরে কোনো জানাজা হবে না।
বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে মিরসরাইসহ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রামের রাজনীতি ও উন্নয়নে তার দীর্ঘদিনের ভূমিকা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছেন সংশ্লিষ্টরা।
এনএন/ ১৩ মে ২০২৬









