যুক্তরাষ্ট্রের আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান: স্পিকার ঘালিবাফ

তেহরান, ১২ মে – যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তার সমুচিত জবাব দিতে ইরানি সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। ইরানের সঙ্গে আলোচনা নিয়ে অচলাবস্থা সৃষ্টির প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করার পর এমন প্রতিক্রিয়া জানালো তেহরান।
সম্প্রতি জেনারেলদের সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প ইরানকে চুক্তিতে বাধ্য করতে পুনরায় সামরিক পদক্ষেপের কথা ভাবছেন বলে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়। উদ্ভূত পরিস্থিতিতে ঘালিবাফ এক বার্তায় জানান যে ইরানের ১৪ দফার ভিত্তিতেই দেশটির জনগণের অধিকার নিহিত রয়েছে। এই দাবিগুলো মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প পথ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন যে কোনো ধরনের নতুন আগ্রাসনের যথাপযুক্ত জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও বলেন ভুল কৌশল এবং ভুল সিদ্ধান্ত সবসময়ই নেতিবাচক ফলাফল বয়ে আনে এবং পুরো বিশ্ব ইতোমধ্যে তা প্রত্যক্ষ করেছে।
ঘালিবাফ আরও সতর্ক করে বলেন যে ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তাদের প্রতিক্রিয়া দেখে বিশ্ববাসী অবাক হবে। তিনি জোর দিয়ে বলেন অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে যুক্তরাষ্ট্র সফল হতে পারবে না বরং তারা একের পর এক ব্যর্থতার সম্মুখীন হবে। মার্কিন সরকারের সময়ক্ষেপণের ফলে দেশটির করদাতাদের অর্থের অপচয় ছাড়া আর কিছুই হবে না বলে তিনি মন্তব্য করেন।
এস এম/ ১২ মে ২০২৬









