স্পিডবোটের নতুন ভাড়া নির্ধারণ করল সরকার

ঢাকা, ১২ মে – স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি এবং নৌরুট ভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ মোতাবেক স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি এবং নৌরুট ভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।
শান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ১৫ টাকা করে, পরের ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা করে এবং অবশিষ্ট দূরত্ব প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা করে পুনঃনির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া অশান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ১৭ টাকা করে এবং অবশিষ্ট দূরত্ব প্রতি কিলোমিটার ১৫ টাকা করে ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। নৌপথে যাত্রীদের যাতায়াত আরও সুশৃঙ্খল করতে এবং ভাড়ার সামঞ্জস্য বজায় রাখতেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে।
এস এম/ ১২ মে ২০২৬









