স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীকে নির্যাতনের অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকা, ১১ মে – স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. সারোয়ার জাহানকে থানায় নিয়ে শারীরিক নির্যাতন ও গুলি করার হুমকির অভিযোগ উঠেছে একজন পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে। এই ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ১০ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
অভিযোগে বলা হয়েছে গত ৪ মে পুলিশ সার্জেন্ট মো. রেজাউল হক বিনা কারণে সারোয়ার জাহানের পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথিপত্রসহ ব্যক্তিগত মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরবর্তীতে তাকে প্রথমে শাহবাগ পুলিশ বক্সে এবং এরপর শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের ওই অফিস সহায়কের লিখিত আবেদনের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ দুই অধিশাখার যুগ্মসচিব মো. জসিম উদ্দীন। কমিটির সদস্যসচিব মনোনীত হয়েছেন পুলিশ এক শাখার উপসচিব তৌছিফ আহমেদ। এছাড়া কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফারহানা মৃধাকে।
কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সাথে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এনএন/ ১১ মে ২০২৬









