টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকা, ১১ মে – সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ না করার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশনায় এই কমিটি গঠন করা হয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম অলিউল্ল্যাকে এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমার স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে যে, বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন বিশ্বকাপে অংশ নেয়নি তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে হবে এই কমিটিকে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, হাবিবুল বাশার সুমন বর্তমানে বিসিবির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন এবং পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের ব্যস্ততার মধ্যেই তাকে এই তদন্ত কাজে সময় দিতে হবে। বিসিবির বেতনভুক্ত একজন কর্মকর্তাকে এমন স্পর্শকাতর বিষয়ের তদন্ত কমিটিতে রাখায় সংশ্লিষ্ট মহলে কিছুটা আলোচনাও শুরু হয়েছে।
সূত্র অনুযায়ী, বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া এবং নিরাপত্তা ইস্যুতে তৎকালীন ক্রীড়া উপদেষ্টার দেওয়া এক স্ট্যাটাসের প্রেক্ষাপটে ভারত ভ্রমণে অসম্মতি জানায় বিসিবি। পরবর্তীতে ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসি কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশ এই আসর থেকে বিরত থাকে।
মন্ত্রণালয়ের এই তদন্তের উদ্দেশ্য হলো—ক্রীড়াক্ষেত্রে রাজনৈতিক আবেগের কারণে জাতীয় দলের বড় কোনো ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখা। আইসিসির মতো বড় ফোরামে ভেন্যু পরিবর্তনের দাবি কতটা বাস্তবসম্মত ছিল এবং কার সিদ্ধান্তে বাংলাদেশ এই বিশাল টুর্নামেন্ট মিস করল, তার জবাব এই প্রতিবেদনে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
এনএন/ ১১ মে ২০২৬









