১০০ টাকার বেশি বিল নিলে ঠিকাদারের লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক

ঢাকা, ১১ মে – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় করলে এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন সংগ্রহ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।
সোমবার ডিএসসিসির নগর ভবন অডিটোরিয়ামে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও নাগরিক ভোগান্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্রশাসক বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছে যে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করছে।
এটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রতিটি বাসাবাড়ি থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা বিল নিতে হবে এবং তা অবশ্যই রশিদের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সভায় আরও সিদ্ধান্ত হয় যে দিনের বর্জ্য দিনেই অপসারণ নিশ্চিত করতে হবে। আসন্ন ঈদুল আজহার তিন দিন কোনো পরিচ্ছন্নতা কর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না।
প্রতিটি ওয়ার্ড বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত কর্মীদের মাঠে কাজ করতে হবে। এছাড়া রাস্তা বা খালে ময়লা ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কেবল একটি সেবা নয় বরং এটি একটি মানবিক দায়িত্ব। চুক্তির শর্ত ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এস এম/ ১১ মে ২০২৬









