যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা ক্ষীণ, বিশ্ববাজারে কমেছে সোনার দাম

ওয়াশিংটন, ১১ মে – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত কোনো চুক্তির সম্ভাবনা ফিকে হয়ে আসায় বিশ্ববাজারে সোনার দাম কমেছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। সোমবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার গ্রিনিচ মান সময় অনুযায়ী স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৮৪ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়ে ৪ হাজার ৬৯২ দশমিক ৭০ ডলারে অবস্থান করছে।
বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং তেলের দাম বৃদ্ধি সোনার বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের প্রস্তাবের বিপরীতে ইরান যে লিখিত জবাব দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন।
ট্রাম্প ইরানের এই পাল্টা প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। এই ঘটনার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পুনরায় ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, চলমান সংকট অব্যাহত থাকলে তেলের দাম আরও বৃদ্ধি পেতে পারে।
এস এম/ ১১ মে ২০২৬









