ঢালিউড

রাজকীয় রূপে সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা দিলেন চিত্রনায়িকা পূর্ণিমা

ঢাকা, ১১ মে – ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা নব্বই দশক থেকে শুরু করে আজ পর্যন্ত সমানভাবে দর্শকপ্রিয়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি ভক্তদের দারুণ মুগ্ধ করে। সম্প্রতি তিনি একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন যা নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

শেয়ার করা ছবিগুলোতে পূর্ণিমাকে গাঢ় সবুজ রঙের একটি জমকালো পোশাকে দেখা গেছে। পোশাকজুড়ে সোনালি সুতোর সূক্ষ্ম কারুকাজ তাকে এক রাজকীয় রূপ দিয়েছে। খোলা চুল এবং হালকা গ্ল্যাম মেকআপের সাথে বড় দুল পরে এক অনন্য আভিজাত্য নিয়ে হাজির হয়েছেন এই তারকা।

কখনও মিষ্টি হাসি আবার কখনও উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকা এই ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে। ছবির ব্যাকড্রপে সোনালি আভা এবং লাল আলোর ব্যবহার এক ভিন্ন মাত্রা যোগ করেছে। ভক্তদের অনেকেই মন্তব্যের ঘরে অভিনেত্রীর চিরযৌবনা রূপের প্রশংসা করেছেন।

জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৭ সালে চিত্রজগতে অভিষেক ঘটে পূর্ণিমার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। এখনও নিজের গ্ল্যামার ধরে রেখে সমসাময়িক অভিনয়শিল্পীদের টেক্কা দিচ্ছেন এই লাস্যময়ী অভিনেত্রী।

এস এম/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language