জাতীয়

এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার বাংলাদেশি হজযাত্রী

ঢাকা, ১১ মে – এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার পর্যন্ত ১৩১টি হজ ফ্লাইটে মোট ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো এসব যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন রয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এবারের হজ যাত্রায় এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬১টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।

সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২২ হাজার ৯৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৪ হাজার ৮৬৯টি সেবা দেওয়া হয়েছে।

তবে এবারের হজে গিয়ে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় ইন্তেকাল করেছেন। সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী হলেন যশোরের ৫৩ বছর বয়সী মো. আব্দুল মতিন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট ৩০ জুন পর্যন্ত চলবে।

এনএন/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language