জাতীয়

ঢাকা দক্ষিণ সিটিতে এডিস মশার লার্ভা শনাক্তে বিশেষ জরিপ শুরু

ঢাকা, ১০ মে – রাজধানীর কোন কোন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি এবং কোথায় ঝুঁকিপূর্ণ পরিবেশ রয়েছে, তা চিহ্নিত করতে বিশেষ জরিপ পরিচালনা করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম। রোববার নগর ভবনে আয়োজিত বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আবদুস সালাম বলেন, গত কয়েক বছরে ডেঙ্গু বিশ্বজুড়ে ব্যাপক সংক্রমণের রূপ নিয়েছে যা বর্তমানে জনজীবনের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। এই ঝুঁকি থেকে নাগরিকদের রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে কাজ চলছে এবং তারই অংশ হিসেবে এই জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে। ১০ দিনব্যাপী এই কর্মসূচির আওতায় ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের মোট ২ হাজার ২৫০টি বাড়িতে লার্ভা জরিপ চালানো হবে।

প্রতিটি ওয়ার্ডের ৩০টি করে বাড়ি পরিদর্শন করবে নির্ধারিত টিম। প্রশাসক আশা প্রকাশ করেন যে, এই জরিপের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য ও কার্যকর ধারণা পাওয়া সম্ভব হবে। জরিপ শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও নির্দেশনা দেন যে, যেসব স্থানে লার্ভা বা মশা জন্মানোর উপযোগী পরিবেশ পাওয়া যাবে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। শুধুমাত্র প্রতিবেদন তৈরি করলেই হবে না, জরিপের পাশাপাশি লার্ভা ধ্বংসের কাজও সমানতালে চালিয়ে যেতে হবে।

এস এম/ ১০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language