জাতীয়

৫০ হাজার হজযাত্রী সৌদি আরবে, ১২ জনের মৃত্যু

ঢাকা, ১০ মে – পবিত্র হজ ২০২৬ উপলক্ষ্যে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের পৌঁছানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্ক থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ৯ মে ২০২৬ পর্যন্ত সর্বমোট ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ৪২১ জন যাত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় এ পর্যন্ত মোট ১২৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। পরিবহনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী বহন করেছে।

সৌদি আরবে হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২১ হাজার ১৪টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। আইটি হেল্পডেস্ক এ পর্যন্ত ১৩ হাজার ৭৮০টি ডিজিটাল সেবা প্রদান করেছে। এদিকে বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।

মৃতদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী হলেন যশোরের মো. আব্দুল মতিন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে নির্ধারিত রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।

এস এম/ ১০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language