করোনার টিকা নিতে রাজি খালেদা, তারেকের আপত্তি

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – সারাদেশে চলমান গণটিকাদান কার্যক্রমে আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি টিকা নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরাও। দলের নেতাদের আশ্বস্ততায় এবার টিকা নিতে রাজি হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে টিকা নিতে বাধা দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র মতে, সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে প্রায় ১০ মাস ধরে রাজধানীর গুলশানের ভাড়া বাড়ি ‘ফিরোজা’তে বসবাস করছেন বিএনপি চেয়ারপার্সন। শুরু থেকে সেখানে একান্ত আস্থাভাজন দলীয় নেতাকর্মী, ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের লোকজন আসা-যাওয়া করছেন। তারা জানান, করোনার টিকা নিতে চান খালেদা। কিন্তু তাতে ঘোর আপত্তি জানিয়েছেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন : শহীদ মিনার এলাকাকে ৫ ভাগ করে র্যাবের নিরাপত্তা
বিএনপি নেত্রীর পারিবারিক সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের টিকা নিতে ইতিবাচক অবস্থান রয়েছে খালেদা জিয়ার। তবে বিএনপি প্রধান কবে ভ্যাকসিন নেবেন, তা এখনো স্পষ্ট নয়। এ নিয়ে তারেকের সঙ্গে সৃষ্ট জটিলতা কাটলেই তিনি টিকা নেবেন।
এ বিষয়ে খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের (খালেদার) টিকা নেয়ার চূড়ান্ত দিনক্ষণ এখনো ঠিক হয়নি। টিকা নেয়ার ব্যাপারে তার কোনো নেগেটিভিটি নেই। উনি পজিটিভ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ম্যাডামের টিকা নেয়ার বিষয় নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। এটা তার পরিবার ও চিকিৎসকরা দেখভাল করবেন। টিকা তো সবাইকেই নিতে হবে। টিকা যেহেতু দেয়া হচ্ছে, আমরা সবাই নেব।
সূত্র : নতুন সময়
এন এইচ, ২০ ফেব্রুয়ারি









