ব্রিগেডে শুভেন্দুর শপথের দিনেই কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

কলকাতা, ৯ মে – পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ দিনে একদিকে যখন ব্রিগেডে বিজেপির পক্ষ থেকে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেবেন, ঠিক তখনই কালীঘাটের বাসভবনে রবীন্দ্রজয়ন্তী পালনের প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা রয়েছে।
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলনেত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হতে যাচ্ছে। কলকাতার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তৃণমূলের পক্ষ থেকে দলের শীর্ষ স্থানীয় নেতাদের এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে। রবীন্দ্রজয়ন্তীর এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং সাংসদ বাবুল সুপ্রিয়ের।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব বড় কোনো আয়োজন করা না হলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই কর্মসূচির গুরুত্ব অনেক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করা হয়েছে যে অরাজনৈতিক সংগঠনের ব্যানারে কয়েকটি স্থানে রবীন্দ্রজয়ন্তী পালনের অনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি।
তৃণমূলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সব স্তরের নেতা কর্মীদের সামর্থ্য অনুযায়ী রবীন্দ্রজয়ন্তী পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ক্ষমতায় থাকার সময়কার মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের সুযোগ যে এবার নেই, তা দলের শীর্ষ নেতৃত্ব অনুধাবন করছেন।
এই মুহূর্তে তৃণমূলের পক্ষ থেকে ঘরছাড়া বা আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে রবীন্দ্রজয়ন্তীর এই অরাজনৈতিক কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কোনো বিশেষ বার্তা দেন কি না, সেদিকেই নজর রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
কয়েক দিন আগেই দলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কথিত হামলার প্রতিবাদে জেলাগুলোতে মিছিল করার নির্দেশ দিয়েছিলেন। যদিও অনেক জেলা নেতার মতে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সর্বত্র মিছিল করার পরিবেশ নেই।
এনএন/ ৯ মে ২০২৬









