যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান

ঢাকা, ৮ মে – জীবন কেড়ে নিলেও তাঁদের মেধা ও শ্রমের স্বীকৃতি কেড়ে নিতে পারেনি নৃশংসতা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়। সমাবর্তনে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে নিহতদের পরিবারের পক্ষ থেকে এই ডিগ্রি গ্রহণ করেন।

ওয়াশিংটন ডিসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউএসএফ কর্তৃপক্ষ লিমনের (২৭) এবং বৃষ্টির (২৭) গবেষণার কাজ ও একাডেমিক কৃতিত্বকে স্মরণ করে এই ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সমাবর্তন অনুষ্ঠানে তাঁদের সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকাতুর পরিবেশ সৃষ্টি হয়। এক উজ্জ্বল ভবিষ্যতের অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর দুঃখ প্রকাশ করে।
গত ১৬ এপ্রিল লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার পর থেকে যে বিভীষিকার শুরু হয়েছিল, তার করুণ সমাপ্তি ঘটে মরদেহের শনাক্তকরণের মাধ্যমে। নিখোঁজ হওয়ার পর লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়।
গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এর দুদিন পর অর্থাৎ ২৬ এপ্রিল পাশের একটি জলাশয় থেকে খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করা হয়, যা গত ১ মে বৃষ্টির মরদেহ বলে নিশ্চিত করে স্থানীয় পুলিশ।
ঘাতক আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতের নথিতে মরদেহে একাধিক ছুরিকাঘাত ও নৃশংসতার প্রমাণ মিলেছে।
দুই বাংলাদেশি শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি এবং দেশের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মরণোত্তর ডিগ্রি প্রদানের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা জানালেও, নিহতের পরিবার ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।
পিএইচডির এই ডিগ্রি লিমনের পরিবার এবং বৃষ্টির পরিবারের কাছে আজ এক বেদনাবিধুর প্রাপ্তি হিসেবে গণ্য হচ্ছে। তাঁদের অসম্পূর্ণ স্বপ্নগুলো আজ ডক্টরেট ডিগ্রির মাধ্যমে পূর্ণতা পেলেও, প্রিয়জন হারানোর শূন্যতা পূরণ হওয়ার নয়।
এনএন/ ৮ মে ২০২৬









