মধ্যপ্রাচ্য

ইরানের অর্থনীতি ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে: বাঘের গালিবাফ

তেহরান, ৭ মে – ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইরানের অর্থনীতিকে লক্ষ্যবস্তু করে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি দাবি করেন, ওয়াশিংটন ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, যার পরিণতি শেষ পর্যন্ত সবার জন্যই নেতিবাচক হবে।

একটি অডিও বার্তায় গালিবাফ বলেন, শত্রুপক্ষ বর্তমানে অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। তারা ভুল তথ্যের ওপর ভিত্তি করে যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য উচ্চমূল্য দিতে হবে।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাম্প্রতিক এক পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬ সাল নাগাদ ইরানের অর্থনীতি প্রায় ৬.১ শতাংশ সংকুচিত হতে পারে। দেশটিতে বর্তমানে দ্রব্যমূল্য এবং মূল্যস্ফীতি আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে রুটি, শস্য এবং ভোজ্য তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তা ইরানের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবরোধ আরোপ করার পর থেকে ইরানি বন্দরে চলাচলকারী জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি ব্যবহার করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এর ফলে তেল রপ্তানি এবং জরুরি পণ্য আমদানিতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

স্পিকার গালিবাফ আরও উল্লেখ করেন, এটি সরাসরি কোনো সামরিক যুদ্ধ নয় বরং ইরানের ভেতরে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির একটি অপকৌশল। তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো ধরনের বিভেদ শত্রুর লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানের জনগণ যে কোনো ধরনের চাপ মোকাবিলা করতে সক্ষম বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

এনএন/ ৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language