পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৬ মে – ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে যে আগামী শুক্রবার ৮ মে কলকাতায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে শুভেন্দু অধিকারীকে দলের নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করা হবে।
জানা গেছে যে বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য দলীয় নেতা হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনসভা পার্টির নেতা হিসেবে তার নাম ঘোষণা করবেন। এর মাধ্যমেই শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হবে।
উল্লেখ্য যে গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৪ মে এর ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ভবানিপুর আসনে মমতা ব্যানার্জিকে ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন শুভেন্দু। তিনি একই সাথে নন্দিগ্রাম আসনেও বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। আগামী ১০ দিনের মধ্যে একটি আসন ছেড়ে দেবেন তিনি এবং ৯ মে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
এদিকে বিধানসভা নির্বাচনে জয়ের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। কলকাতার ঐতিহাসিক হগ মার্কেট বা নিউমার্কেট এলাকায় বিজেপির কর্মীরা বুলডোজার নিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে যে সেখানে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি পাশের মাংসের দোকানগুলোতেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পর এলাকার ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এস এম/ ৬ মে ২০২৬









