সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের গভীর শোক

ঢাকা, ৬ মে – বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক এবং বর্তমান সরকারের সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ ৬ মে এক যৌথ শোকবার্তায় বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন যে, বেগম জেবুন্নেছা শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন।
তিনি তার মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য ছাত্র ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। একজন মহিয়সী নারী হিসেবে তিনি সংশ্লিষ্ট সবার নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন শিক্ষানুরাগী ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। উল্লেখ্য যে, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে ইন্তেকাল করেন বেগম জেবুন্নেছা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমার নামাজে জানাজা বাদ আছর ময়মনসিংহের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এস এম/ ৬ মে ২০২৬









