পাকিস্তানের অনুরোধে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প

ওয়াশিংটন, ৬ মে – বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার মধ্যে বড় এক কূটনৈতিক চাল চাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নৌবাহিনীর পাহাড়ায় বাণিজ্যিক জাহাজ পারাপারের বিশেষ প্রকল্প ‘প্রজেক্ট ফ্রিডম’ (Project Freedom) শুরুর মাত্র ৪৮ ঘণ্টার মাথায় তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি। তেহরানের সঙ্গে যুদ্ধের আবহ কমিয়ে আলোচনার পথ প্রশস্ত করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এই স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান -এর বিশেষ অনুরোধে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। ট্রাম্পের ভাষায়, “আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে, অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকলেও একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে কি না তা খতিয়ে দেখতে স্বল্প সময়ের জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখা হবে।”
তবে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করলেও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অর্থনৈতিক অবরোধ কঠোরভাবে অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণাকে নিজেদের কৌশলগত জয় হিসেবে দেখছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে ‘যুক্তরাষ্ট্রের পিছু হঠা’ এবং ‘ইরানের বিজয়’ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, যুদ্ধে ধারাবাহিক ব্যর্থতার কারণেই হরমুজ থেকে পিছু হঠতে বাধ্য হয়েছেন ট্রাম্প।
বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে আলোচনার টেবিলে ইরানকে নিয়ে আসাই ট্রাম্পের আসল লক্ষ্য। তবে এই ‘স্বল্প সময়ের বিরতি’ বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে কেমন প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।
এনএন/ ৬ মে ২০২৬









