জাতীয়

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন উদ্ধার করল বিজিবি

লালমনিরহাট, ৫ মে – লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্তের ৮৪১/৮ নম্বর সাব পিলার এলাকা থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের সদস্যরা ড্রোনটি উড়িয়ে সীমান্ত পর্যবেক্ষণ ও ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ সীমান্তের প্রায় ২০ গজ অভ্যন্তরে একটি ভুট্টাক্ষেতে আছড়ে পড়ে। ওই ক্ষেতে কর্মরত এক কৃষক ড্রোনটি দেখতে পান এবং পরে বিজিবিকে খবর দেওয়া হয়।

ড্রোনটি উদ্ধার করে বর্তমানে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। ঘটনার পর বিএসএফ সদস্যরা সীমান্তে জড়ো হলে স্থানীয়দের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, বিএসএফের পক্ষ থেকে ইতিমধ্যে ড্রোনটির বিষয়ে যোগাযোগ করা হয়েছে। ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এটি ফেরত দেওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এনএন/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language