পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের পর আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর ঘোষণা মোদির

কলকাতা, ৫ মে – পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঐতিহাসিক জয়ের পর রাজ্যটিতে বড় ধরনের নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, এতদিন রাজ্যে কার্যকর না হওয়া কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত এবার বাস্তবায়ন করা হবে। এতে পশ্চিমবঙ্গের কোটি মানুষের চিকিৎসা ব্যয়ের বোঝা কমবে বলে মনে করা হচ্ছে। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া এক বিজয় ভাষণে মোদি এই ঘোষণা দেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে এই জনকল্যাণমূলক প্রকল্পটি চালু করেনি। আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে প্রতিটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লাখ রুপি পর্যন্ত নগদবিহীন চিকিৎসার সুযোগ পায়। এছাড়া ৭০ বছরের বেশি বয়সী নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধার আওতায় আসবেন। বিজয় ভাষণে মোদি বলেন, আজ থেকে বাংলার ভবিষ্যতের জন্য নতুন এক যাত্রা শুরু হলো।
উন্নয়ন এবং অটল বিশ্বাসের সঙ্গে বাংলা সামনের দিকে এগিয়ে যাবে। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে রাজ্যের উন্নয়নে বিজেপি সরকার দিনরাত কাজ করবে। মোদি বলেন, বাংলায় নারীরা নিরাপদ পরিবেশ পাবেন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প অনুমোদন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
বর্তমানে পশ্চিমবঙ্গ ব্যতীত ভারতের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই স্বাস্থ্যবিমা কার্যকর রয়েছে। কেন্দ্রীয়ভাবে পরিচালিত এই কর্মসূচির ব্যয়ভার কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বহন করে থাকে। গত বছর ওড়িশা ও দিল্লিতেও এই প্রকল্প চালু হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার নিজস্ব স্বাস্থ্যবিমা কর্মসূচির অজুহাতে এতদিন আয়ুষ্মান ভারত বাস্তবায়ন থেকে বিরত ছিল। এ নিয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে সমালোচনাও করেছে।
এস এম/ ৫ মে ২০২৬









