পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির বিশাল জয়, বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষ

কলকাতা, ৪ মে – ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। আজ সকালে ভোট গণনা শুরু হওয়ার পর দেখা যায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠনের পথে রয়েছে বিজেপি। এমন পরিস্থিতিতে আসানসোলের জামুরিয়া এলাকায় তৃণমূলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জামুরিয়ার পাশাপাশি কোচবিহার জেলার দিনহাটাতেও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে ভোট গণনা কেন্দ্রের সামনে দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এছাড়া আসানসোলে ভোট গণনা এজেন্টদের মধ্যে হাতাহাতি এবং স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরবর্তীতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে আসাম বিধানসভা নির্বাচনেও বিশাল ব্যবধানে জয়ের পথে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। সেখানে ১২৬টি আসনের মধ্যে এনডিএ জোট ১০১টি আসনে এগিয়ে রয়েছে।
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬৪টি আসনের লক্ষ্যমাত্রা তারা সহজেই অতিক্রম করছে। এনডিএর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস জোট বর্তমানে ২১টি আসনে এগিয়ে রয়েছে। নিরঙ্কুশ জয়ের পর আসামে পুনরায় এনডিএ সরকার গঠিত হলে মুখ্যমন্ত্রী হিসেবে হিমান্ত বিশ্ব শর্মা দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ৪ মে ২০২৬









