পশ্চিমবঙ্গের নির্বাচনে এগিয়ে বিজেপির তারকা প্রার্থীরা, পিছিয়ে তৃণমূলের রাজ ও সায়ন্তিকা

কলকাতা, ৪ মে – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক প্রবণতায় অভাবনীয় সাফল্যের পথে রয়েছে ভারতীয় জনতা পার্টি। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে যে দলটির বেশ কয়েকজন তারকা প্রার্থী তাদের নিজ নিজ আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিপরীতে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট ও পরিচিত তারকা প্রার্থীদের অনেককেই প্রাথমিক গণনায় পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে।
শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের রানা চট্টোপাধ্যায়ের চেয়ে ৫ হাজার ৫৯৬ ভোটে এগিয়ে রয়েছেন। একইভাবে শ্যামপুর কেন্দ্রে বিজেপির হিরণ চট্টোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নদেবাসী জানা ও শেখ মনজুর আলমের তুলনায় সুবিধাজনক অবস্থানে আছেন। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বড় চমক দেখিয়েছেন বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি।
তিনি তৃণমূলের অভিনেত্রী প্রার্থী লাভলি মৈত্রর চেয়ে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জন্য কিছু ইতিবাচক খবর এসেছে করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে। সেখানে সোহম চক্রবর্তী প্রায় ১৪ হাজারের বেশি ভোটে তার প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে এগিয়ে আছেন। তবে ব্যারাকপুর কেন্দ্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তৃণমূলের পরিচালক প্রার্থী রাজ চক্রবর্তী।
সেখানে বিজেপির কৌস্তভ বাগচী গণনায় লিড বজায় রেখেছেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও পিছিয়ে পড়েছেন বিজেপির সজল ঘোষের কাছে। প্রথম রাউন্ডের গণনা শেষে তিনি প্রায় ২ হাজার ভোটে পিছিয়ে আছেন বলে জানা গেছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে এই ব্যবধান কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে।
এস এম/ ৪ মে ২০২৬









