ভবানীপুরে মমতাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান, ভোট গণনাকেন্দ্র ঘিরে চরম উত্তেজনা

কলকাতা, ৪ মে – পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটগণনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। সোমবার দুপুরে লর্ড সিনহা রোডের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল নেত্রীর গাড়ি চত্বরে প্রবেশ করার সময় তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন সেখানে উপস্থিত বিজেপি কর্মীরা।
মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে থেকেই ওই এলাকায় অস্থিরতা বিরাজ করছিল। গণনাকেন্দ্রের কাছাকাছি একটি পেট্রল পাম্পে তৃণমূল কর্মীদের জমায়েতকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত হয়। অভিযোগ উঠেছে যে, সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের পুলিশ সরিয়ে দিতে গেলে বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তৃণমূলের নির্ধারিত জমায়েতস্থলে ঢুকে চেয়ার ভাঙচুর করার অভিযোগও উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
এ সময় ঘটনাস্থলে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর আগমনের পর বিক্ষোভের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা বিক্ষোভকারী বিজেপি সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ভোট গণনার গতিপ্রকৃতি নিয়ে এখনও অনিশ্চয়তা বিরাজ করছে।
২০ রাউন্ডের গণনার মধ্যে ১২ রাউন্ড শেষে দেখা গেছে কখনও মমতা বন্দ্যোপাধ্যায় আবার কখনও শুভেন্দু অধিকারী ব্যবধান কমিয়ে আনছেন। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে মুখ্যমন্ত্রী তার দলের প্রার্থী ও এজেন্টদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করলেই জয়ের চূড়ান্ত চিত্র ফুটে উঠবে। শেষ খবর পাওয়া পর্যন্ত গণনাকেন্দ্র ঘিরে কড়া নিরাপত্তা বলয় বজায় রাখা হয়েছে।
এস এম/ ৪ মে ২০২৬









